অভয়নগর অফিস
যশোরের অভয়নগর উপজেলা-এর নওয়াপাড়া বাজার-এর কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে বাজারের কাঠপট্টিতে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
শরিফুল ইসলাম জানান, আগুন লাগার সময় নিরাপত্তার স্বার্থে পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে বিপুল পরিমাণ সাইজ কাঠ ও মূল্যবান আসবাবপত্র মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের ধারণা, ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকারও বেশি হতে পারে।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শেখ সালাউদ্দিন দিপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
