অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে ধানক্ষেতে পড়ে ছিলো তরুণের আধাপোড়া মৃতদেহ। পুলিশ শুক্রবার সকালে ওই মৃতদেহটি উদ্ধার করেছে। মৃত ওই তরুণ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রমের কনক সরদার (২০)।
বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ও পুলিশের ধারণা। তার কানের নিচ থেকে কোমর পর্যন্ত পুড়ে গেছে।
প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান মফিজ উদ্দীন বলেন, উপজেলার প্রেমবাগ রাতে টেলিভিশনে ব্রাজিল ও সার্বিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে রাত পৌনে তিনটার দিকে হঠাৎ এলাকার ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে সকালে এলাকার কয়েক ব্যক্তি গ্রামের যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি ধানখেতের মধ্যে বৈদ্যুতিক পিলারের নিচে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। অভয়নগর থানা থেকে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক পিলার থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।