অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পাশে বালির ডিপো থেকে রোববার বিকেলে অজ্ঞাত যুবকের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২ টার সময় স্থানীয় লোকজন ভৈরব ব্রিজের পাশে দক্ষিণ দেয়াপাড়া গ্রামে কিছু শ্রমিক মাটি কাটার কাজ করছিল। এ সময় তারা পাশেই বালির ডিপোর ওপর এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে বিকেল ৪ টার সময় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরনে কালো প্যান্ট ও গায়ে কালো গেঞ্জি পরা ছিল এবং ডান হাতে রুপার ব্রেসলেট ও অপর হাতে রুপার আংটি পরা ছিল।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, ভৈরব ব্রীজের পাশে বালির ডিপো থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলা কাটা ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
