অভয়নগর প্রতিনিধি
মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অভয়নগর উপজেলার ধোপাদী (ইসলাম পাড়া) গ্রাম থেকে সোমবার বেলা ১১ টায় ছয় বছর বয়সী তোবা শেখ নামে এক শিশুকে অপহরণ করা হয়। এলাকাবাসী ও পুলিশের ব্যাপক তৎপরতায় অপহরণকারী চক্র শিশুটিকে রাস্তায় ছেড়ে দেয়। অপহৃত ওই শিশুর পিতা ধোপাদী গ্রামের নাম নজরুল শেখ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার বেলা এগারোটায় প্রতিবেশি মামুন শেখের স্ত্রী আঞ্জু আরা বেগম ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশের দোকানে নেয়ার নামে লাপাত্তা হয়ে যায়। শিশুকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজ করতে থাকে। এর মধ্যে বেলা দুইটার দিকে শিশুর এক আত্মীয়র কাছে একটি অপরিচিত নম্বর (০১৬০৫-৮২৮৩০৯) থেকে ফোন করে শিশুটিকে ফেরতের জন্য পাঁচ লাখ টাকা দাবি করে। এর কিছুক্ষণ পরে ওই নম্বর থেকে আবার ফোন আসে তিন লাখ টাকা দিলে তোবাকে ছেড়ে দেয়া হবে। এ কথা বলে ফোনটি বন্ধ রাখা হয়।
এর মধ্যে বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে। বেলা চারটার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ছেড়ে দেয়া হয়। শিশুটিকে স্থানীয়রা পেয়ে তার পরিচয় খোঁজ করতে থাকে। পরে তারা শিশুটিকে তার পিতার কাছে পৌঁছে দেয়।
শিশুটির পিতা ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, আমার মেয়েকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিলো। প্রতিবেশি আঞ্জু বেগম এ কাজে সহযোগিতা করেছে। এ ব্যপারে থানায় অভিযোগ করেছি।
পুলিশ আঞ্জু আরা বেগমকে থানা হেফাজতে নিয়েছে। থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
