নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী পালপাড়া পূজা মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেখানে শতাধিক অসহায় ও দরিদ্র নারী চিকিৎসা সেবা গ্রহণ করেন। শুক্রবার সকাল ১০ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পে কার্যক্রমের উদ্বোধন করেন ধোপাদী পালপাড়া পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন কুমার পাল।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে তার আত্মার মাগফেরাত কামনায় যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার এই ক্যাম্পের আয়োজন করেন। বিকেল ৪ টা পর্যন্ত কার্যক্রম চলে। এতে শতাধিক নারীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ডা. নিকুঞ্জ বিহারী গোলদার জানান, গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের নারীরা গাইনি সমস্যায় ভুগলেও অর্থের অভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারেন না। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন।