অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে নববিবাহিতা স্ত্রীর সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত রকিবুল ইসলাম (৩৪) হত্যাকাণ্ডে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ উপজেলার পায়রা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মিলন হালদার (৫২) ও ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে। শুক্রবার রাতে নিহত রকিবুলের মা রহিমা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন।
অভয়নগর থানা পুলিশ উপজেলার দামুখালি গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে।
উপজেলার দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি অফিস সহায়ক, পরিচ্ছন্নকর্মী এবং আয়া পদে তিনজনের নিয়োগে প্রায় ৩০ লাখ টাকা লেনদেন হয়। এই লেনদেনে খন্দকার রকিবুল ইসলাম নয় লাখ টাকা দাবি করেন। ওই দিন সকালে নিয়োগ পাওয়া চতুর্থ শ্রেণির ওই তিনজন কর্মচারী বিদ্যালয়ে যোগদান করেন। সন্ধ্যার আগে টাকা নিতে তিনি দত্তগাতী গ্রামে আসেন। নিয়োগের টাকা ভাগাভাগির নিয়ে দ্বন্দ্বে তিনি খুন হতে পারেন বলে জানায় পুলিশের একটি সূত্র।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন মন্ডল বলেন, রকিবুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফুলতলা ও অভয়নগর থানায় চারটি হত্যাসহ কয়েকটি অস্ত্র মামলা রয়েছে।