নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ব্যতিক্রমী প্রচারণায় নেমেছে যশোরের যুব সমাজ। ধানের শীষের সমর্থনে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয় শহরের খয়েরতলা পালবাড়ি ভাস্কর্য মোড়সহ আশপাশের এলাকায়।
বিভিন্ন শ্রেণি ও পেশার তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই প্রচারণায় যুবকরা লিফলেট হাতে নিয়ে দ্বারে দ্বারে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন। তারা ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং অনিন্দ্য ইসলাম অমিতের রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা ও এলাকার প্রতি তার অঙ্গীকার তুলে ধরেন।
প্রচারণায় অংশ নেওয়া যুবকদের দাবি, যশোর সদর আসনের উন্নয়ন, কর্মসংস্থান ও তরুণদের ভবিষ্যৎ নিরাপদ করতে হলে অনিন্দ্য ইসলাম অমিতের মতো জনসম্পৃক্ত ও সেবামুখী নেতৃত্ব প্রয়োজন। তারা বলেন, রাজনীতিতে নতুন ধারা ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা থেকেই স্বতঃস্ফূর্তভাবে এই ব্যতিক্রমী প্রচারণায় তারা যুক্ত হয়েছেন।
এ সময় স্থানীয় ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই যুব সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আশা প্রকাশ করেন।
