নিজস্ব প্রতিবেদক
অস্ত্রের মুখে দম্পতিকে জিম্মি করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার ঘটনায় দুই দুর্বৃত্তকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত ৫ এপ্রিল গভীর রাতে যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামে এই ঘটনার পর ওই দুইজনসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। একই এলাকার শেখ তানভীর ইসলামের স্ত্রী আ.আ.ম হাবীবাহ বাদী হয়ে এই মামলাটি করেছেন।
আটককৃতরা হলো, একই উপজেলার মুনসেফপুর স্কুলপাড়ার মাহবুবুর রহমান ভুট্টোর ছেলে তৌহিদুল ইসলাম ও বাঘারপাড়া উপজেলার রাঘবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শিমুল হোসেন।
এই মামলায় সদর উপজেলার চাউলিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে জাহিদ হাসান মানিককে পলাতক আসামি করা হয়েছে।
বাদী মামলায় বলেছেন, চাউলিয়া গ্রামের ইউসুফ আলী তার পিতা। ৪ এপ্রিল গভীর রাত ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে পিতার বাড়ি থেকে রাতে বাদী ও তার স্বামী ঘুমানোর জন্য তার চাচা রেজাউল করীমের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে আনারুল ইসলামের ধানী জমির পাশে যাওয়া মাত্রই অস্ত্রের মুখে ওই তিন আসামি বাদী ও তার স্বামীকে জিম্মি করে ফেলে। এসময় কাছে যা আছে দিয়ে দিতে হবে না হলে বার্মিজ চাকু বের করে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে বাদীর গলায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন দিয়ে দেন। এরপরে বাদীর স্বামী তানভীর হাসানের পকেট চেক করে কিছুই না পেয়ে তাকে মারপিট শুরু করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তৌহিদুল ইসলাম ও শিমুল হোসেনকে আটক করে। তবে তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। একই সময় অপর আসামি জাহিদ হাসান মানিক সেখান থেকে পালিয়ে চলে যায়। এই ঘটনায় পরদিন সকালে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
