নিজস্ব প্রতিবেদক: আইনজীবী অপহরণ মামলায় তিন আসামি যশোরের একটি আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলো, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের রাবেয়া সুলতানা রিতু, সুলতানপুর বড়বাজারের সুরাইয়া ও খুলনার খালিশপুরের সোহেল হোসেন।
আদালত সূত্র জানায়, হাইকোর্টের আইনজীবী সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি গ্রামের আবু হেনা মোস্তাফা কামাল মিলনের সঙ্গে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাবনগর গ্রামের রাবেয়া সুলতানা রিতুর বিয়ে ঠিক হয়। এরই সূত্র ধরে গতবছরের ৬ ফেব্রুয়ারি দুপুরে মিলন খুলনা পাইওনিয়র কলেজের সামনে এসে রিতুর সঙ্গে দেখা করেন। পরে রিতুর বান্ধবী সুরাইয়ার সঙ্গে দেখা হয় তাদের। পরে তারা মিলনকে অপহরণ করে মিলনের পরিবারের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় মিলনের দুলাভাই শরিফুল ইসলাম সাতক্ষীরার তালা থানায় একটি জিডি করেন। একপর্যায়ে অপহৃত মিলনের পরিবার জানতে পারে মিলনকে যশোরের কোন স্থানে আটকে রাখা হয়েছে। পরে তারা জিডির কপি নিয়ে যশোরে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে (পিবিআই) যোগাযোগ করেন। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়। মামলাটি পিবিআই তদন্ত করে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভয়নগর উপজেলার একতারপুর গ্রাম থেকে আইনজীবী মিলনকে উদ্ধার করে।