নিজস্ব প্রতিবেদক: যশোরের আইনজীবী রুহিন বালুজের বিরুদ্ধে মামলার স্বাক্ষীকে মারপিট করে জখমের অভিযোগ উঠেছে। এছাড়া ওই স্বাক্ষীকে ইয়াবা দিয়ে চালান ও চাঁদাবাজি মামলার ভয় দেখানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে বুধবার জেলা আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামে হাফিজুর রহমানের ছেলে মাহাবুর রহমান।
এদিকে এ অভিযোগের প্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে রুহিন বালুজকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
মাহাবুরের অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ১০টায় একটি যৌতুক মামলায় স্বাক্ষী দিতে তিনি আদালতে আসেন। কিন্তু স্বাক্ষী শুনানি না হওয়ায় তার সঙ্গী আমিরুল ইসলাম ও আব্দুল হান্নানকে সাথে নিয়ে আইনজীবী ভবনের চতুর্থ তলায় ২৪ নম্বর কক্ষে তাদের পূর্ব পরিচিত আইনজীবী আহাদ আলী লস্কারের চেম্বারে যান। পাশেই ২৩ নম্বর কক্ষটি রুহিন বালুজের।
২৪ নম্বর কক্ষ থেকে প্রয়োজনীয় কথা শেষে বের হওয়ার পরই অজ্ঞাত কয়েকজন তাদেরকে জোর পূর্বক রুহিন বালুজের চেম্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মাহাবুর যেতে না চাওয়ায় রুহিন বালুজ তার চেম্বার থেকে লাঠি নিয়ে বের হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায় বেধড়ক মারপিট করে জখম করেন। এ সময় মাহাবুরকে ইয়াবা দিয়ে চালান ও চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেন রুহিন বালুজ। সমিতিতে দেয়া অভিযোগ পত্রের সাথে মাহাবুরের শরীরে জখমের ছবি সংযুক্ত করা হয়।
এদিকে অভিযোগ গুরুত্বের সাথে নেন জেলা আইনজীবী সমিতি। ওইদিনই তাকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশে বলা হয় এ ধরণের কর্মকা- সমিতির গঠনতন্ত্র বিরোধী। যা সদস্যপদ বাতিলযোগ্য অপরাধ। এতে করে সমিতির ভাবমূতি ক্ষুন্ন হয়েছে। কেন তার সদস্যপদ বাতিল হবে না তা জানতে চেয়ে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।