নিজস্ব প্রতিবেদক
যশোর আদালত চত্বর থেকে আইনজীবী সহকারী পরিচয় দেয়া ফরহাদ হোসেন নামে একজনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। রোববার বিকেলে ফরহাদকে আটকের পর কিছুক্ষণ পরই মুচলেকা নেওয়া হয়। তিনি কেশবপুর উপজেলার মঙ্গলকোট-কেদারপুর গ্রামের নেছার আলী গাজীর ছেলে।
আইনজীবী সহকারী সমিতি সূত্র মতে, গতকাল রোববার সমিতির কয়েকজনের একটি টিম আদালত চত্বরে ছিলেন। এমন সময় ফরহাদকে দেখতে পায় এক মক্কেলের সাথে কথা বলছে। তখন ওই টিম সেখানে গিয়ে গোপনে কথাবার্তা শোনে। এসময় ফরহাদ তাদেরকে জানায় তিনি একজন আইনজীবী সহকারী। তার কাছে থাকা একটি পরিচয়পত্রও দেখান। এসময় ওই মক্কেলকে ফরহাদ জানান তিনি যেকোনো আসামিই মুহূর্তের মধ্যে জামিন পাইয়ে দিতে পারেন। এছাড়া হাইকোর্টেও রয়েছে তার ব্যাপক পরিচয়। তার ভিজিটিং কার্ডেও নিজেকে আইনজীবী সহকারী পরিচয় লেখা দেখে ওই টিম। পরে ওই টিম ফরহাদকে ধরে আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে নিয়ে আসেন।
তারা আরও জানান, ফরহাদসহ তাদের একটি চক্র রয়েছে যারা প্রতিনিয়ত এসব অপকর্ম করে বেড়াচ্ছেন।
যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ জানান, তারা আদালত চত্বরে টাউট উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে ফরহাদকে ধরা হয়েছে। তিনি আরও বলেন, এমন কাজ আর না করার শর্তে তার কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করে ছেড়ে দেয়া হয়েছে।
