নিজস্ব প্রতিবেদক
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে সক্ষম হবেন, তাদের পুরস্কৃত করা হবে। গত সপ্তাহে এ ধরনের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবারও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
আত্মগোপনে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা তথ্যকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এতদিন যারা আত্মগোপনে ছিলেন, তারা দেশেই ছিলেন এবং বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন। তাদের শনাক্ত করতে পুলিশের গোয়েন্দা সক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ২০২৪ সালের সহিংসতার প্রসঙ্গও তুলে ধরেন। জাতিসংঘের হিসাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় এক মাসে দেশের প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন। পাশাপাশি গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন অভিযোগের কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, যারা এত বড় পরিসরে হত্যাকাণ্ড চালাতে পারে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করেছে, তাদের বিষয়ে জনগণের অবস্থান বিবেচনা করা প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এত বড় হত্যাকাণ্ডের পরও সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার উদ্যোগ দেখা যায়নি। দেশের বাইরে থেকেও তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর উদ্যোগ
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত চেয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ অন্যদেরও দেশে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা স্বেচ্ছায় দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হলে সেটিই ভালো। আইন নিজস্ব গতিতে চলবে এবং প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের বিচার হবে।
৯৮ পুলিশ সদস্য পেলেন পদক
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
