ক্রীড়া প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব। সোমবার শামস-উল-হুদা স্টেডিয়ামে তারা ৭ উইকেটে মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। এটি উভয় দলের প্রথম ম্যাচ ছিল। তাতে জয় দিয়ে শুভ সূচনা করলো যশোরের শিল্পাঞ্চল বলে খ্যাত নওয়াপাড়ার দলটি।
টস জিতে আজাদের অধিনায়ক শিবপদ বিশ^াসের প্রতিপক্ষ মুন্সি এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নামা মুন্সি এরশাদ ৩০ ওভার ২ বলে ১০১ রানে অল আউট হয়। রান তাড়ায় ১৭ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আজাদ স্পোর্টিং ক্লাব।
যদিও রান তাড়ায় ১৬ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফিরে যায়। চতুর্থ উইকেট জুটিতে কপিল দেব ও আব্দুল্লাহ মহলদার ৮৬ রানের জুটি গড়ে দলের সহজ জয় নিশ্চিত করে। কপিল দেব ৪৬ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৩৯ রানে অপরাজিত ছিলেন। আব্দুল্লাহ মহলদার সমান ৪টি করে চার ছয়ে ৪৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মুন্সি এরশাদের মিথুন ২টি ও রিয়াজ একটি উইকেট দখল করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রানে চার উইকেট হারায় মুন্সি এরশাদ। পরে এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে করতে পারে ১০১ রান। দলের পক্ষে সাকিব ৪৬ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা পার হতে পারেনি।
বল হাতে আজাদ স্পোর্টিং ক্লাবের ইয়াসারুল ইসলাম ৭ ওভার বল করে ২টি মেডেনসহ ৭ রানে ৩টি, মেসবাউল হক হৃদয় ৩টি করে উইকেট দখল করেন। এরপাশে আব্দুল্লাহ মহলদার ২টি, কপিল দেব ও সোহেল রানা একটি করে উইকেট দখল করেন।
