নিজস্ব প্রতিবেদক
যশোরের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পথ চলা শুরু করলো সুলতানা খাতুন। শনিবার শ্রীলঙ্কার সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয় এই অফ স্পিনারের। এর আগে সানজিদা আক্তার মেঘলা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। তবে সুলতানার অভিষেক ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার প্রথম দিন বল হাতে ভাল-খারাপ দুটি দিকই দেখে ফেলেছেন সুলতানা। ইনিংসের দ্বিতীয় ওভারে সুলতানার হাতে বল তুলে দেন নিগার সুলতানা। প্রথম ওভারে দারুন লাইন লেন্থে বল করে তুলে নেন মেডেন। তবে পরের ওভারে আর লাইন ঠিক রাখতে পারেননি। দুই ওয়াইড, এক চার ও ছয়ে ওই ওভারে দেন ১৬ রান। ওই ওভারের পর নবম ওভারে আবারও বল হাতে পান। ৬রান দিয়ে শেষ করেন ওই ওভার। তবে প্রথম উইকেটের দেখা পান নিজের পঞ্চম ওভারে। দলীয় ইনিংসের ২৭তম ওভারে তৃতীয় বলে প্রাসাদানি ভিরাক্কোডিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট নেন অভিষিক্ত সুলতানা খাতুন। পরে আর উইকেট পেলেও নিজের ১০ ওভারের কোটা পূরণ করেন ৪৬ রান দিয়ে।
এদিকে কলম্বোর পি সারা ওভালে ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টিতে আর খেলা চালানো সম্ভব হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ থেকে বৃষ্টির সৌজন্যে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। এ নিয়ে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা তিন ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে।
গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের শেষ দুই ওয়ানডেতে বৃষ্টির সৌজন্যে ১টি করে পয়েন্ট পায় নিগার সুলতানার দল। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ঠিক পরেই লঙ্কানরা।
