মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো নেই। একদিকে জলবায়ু সংকটে লবণাক্ততা বৃদ্ধি অন্যদিকে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ হ্রাস পেয়েছে। এর ফলে সুন্দরবনের পরিবেশগত পরিবর্তন লক্ষ্যণীয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা হুমকির মুখে রয়েছে সুন্দরবনসহ দেশের সকল বনাঞ্চল। তাই সুন্দরবনসহ দেশের সকল বনাঞ্চল রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।
২১ মার্চ সকালে মোংলা ফরেস্ট ঘাটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রেভ ইয়ুথ গ্রুপের আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সুন্দরবনসহ দেশের সকল বনাঞ্চল রক্ষার দাবিতে মানববন্ধনে বক্তারা একথা বলেন।
‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’ প্রতিপাদ্যে সোমবার সকাল ৯টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা নেতা কমলা সরকার, ইস্রাফিল বয়াতি, শেখ রাসেল, নদীকর্মী হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, সুস্মিতা, ব্রেভ ইয়ুথ গ্রুপের ফাতেমা জান্নাত প্রমুখ।
সুন্দরবনসহ বন ও পরিবেশ রক্ষার দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন-পোস্টার হাতে নিয়ে মৎস্যজীবী-বনজীবী-জেলে-মাওয়ালী-বাওয়ালীসহ পরিবেশকর্মীরা মানববন্ধনে অংশ নেয়।