চুড়ামনকাটি প্রতিনিধি: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, আন্দোলনের নামে দেশবাসী বিএনপির অগ্নি সন্ত্রাস মেনে নেবে না। জনগণ জোটবদ্ধ হয়ে তাদের সকল আন্দোলন রুখে দেবে।
আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যশোরের জনসভা সফল করার লক্ষ্যে শুক্রবার বিকালে চুড়ামনকাটিতে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলেই দেশে সন্ত্রাসী কর্মকা- বেড়ে যায়। দেশের জনগণ বর্তমান সরকারের আমলে শান্তিতে আছেন। তিনি দলীয় নেতাকর্মীদের জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।
চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মুন্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ।
এ সময় আরো বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, আওয়ামী লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপি, জেলা যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, শফিকুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম শাহিন প্রমুখ। সভাটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক।