নিজস্ব প্রতিবেদক
৫ বছর পর আবারও চোখের সামনে বুয়েটের সেই নৃশংস হত্যাকাণ্ড যেন তাজা হয়ে উঠলো। গা হিম করা সেই হত্যাকাণ্ডের গল্প শুনলেও যেন আতকে ওঠেন বাংলাদেশের প্রতিটি মানুষ। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে তৎকালীন বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই দৃশ্য এবার ফুটে উঠেছে চলচ্চিত্রের পর্দায়।
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রুম নাম্বার ২০১১’ প্রদর্শিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে যশোর মণিহার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। দেশে এবারই প্রথম স্বল্পদৈর্ঘ্য কোন চলচ্চিত্র সিনেপ্লেক্সে প্রদর্শিত হলো।
মণিহার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রথম শো দেখেছেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার জিয়া উদ্দীন আহমেদসহ নানা শ্রেণি-পেশার মানুষ। ‘রুম নাম্বার ২০১১’ দেখে আবেগঘণ মন্তব্য করেন দর্শকরা।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। চিত্রনাট্য রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আনন জামান। এতে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও বগুড়ায় প্রদর্শিত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। সত্য গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করায় দর্শকের ব্যাপক সাড়া পেয়েছেন বলেও জানান তিনি। আগামী ৭দিন মনিহার সিনেপ্লেক্সে ‘রুম নাম্বার ২০১১’ চলবে।
