বিনোদন ডেস্ক
গত বছর নেটফ্লিক্সের আলোচিত সিনেমা ‘গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’ দিয়ে আলোচিত হয়েছিলেন ম্যাডেলিন ক্লাইন। বছর ঘুরতেই একই প্ল্যাটফর্মের সিরিজ ‘আউটার ব্যাংকস’-এর তৃতীয় কিস্তি দিয়ে আবার আলোচনায় এই মার্কিন মডেল ও অভিনেত্রী। গত ২৩ ফেব্রুয়ারি মুক্তির পরই ভিউয়ের দিক থেকে নেটফ্লিক্সের শীর্ষে উঠে এসেছে এই সিরিজ।
‘আউটার ব্যাংকস টিন অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিরিজ। গত পাঁচ দিনে সিরিজটি দেখা হয়েছে ১৫৪ মিলিয়ন ঘণ্টা। ২০২০ সালে সিরিজটির প্রথম কিস্তি মুক্তির পর থেকেই ম্যাডেলিন ক্লাইন পরিচিতি পান। সিরিজের সারা ক্যামেরন চরিত্রে অভিনয় করেছেন তিনি। তৃতীয় সিজনের চরিত্রটি সম্পর্কে ম্যাডেলিন বলেন, ‘সারার মধ্যে এবার অনেক বদল দেখা যাবে। ধীরে ধীরে সে স্থিতিশীল হবে।
সারা চরিত্রটি কীভাবে তাঁকে বদলে দিয়েছে, এক সাক্ষাৎকারে সম্প্রতি সেটিও জানান ২৫ বছর বয়সী অভিনেত্রী। তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেকগুলো দরজা খুলে দিয়েছে। কত কত জায়গায় যে গেছি আর কত মানুষের সঙ্গে যে পরিচয় হয়েছে! ক্যারিয়ারে আর যা–ই কিছু করি, চরিত্রটি আমার কাছে বিশেষ কিছু হয়ে থাকবে। আমি সব সময়ই সিরিজটির প্রতি কৃতজ্ঞ থাকব।
‘আউটার ব্যাংকস’ ও ‘গ্লাস অনিয়ন’-এ কাজের অভিজ্ঞতা জানিয়ে ম্যাডেলিন বলেন, ‘আউটার ব্যাংকস’ তারুণ্যে ভরপুর একটি সিরিজ। অ্যাডভেঞ্চার, মজা—সবই সেখানে আছে। অন্যদিকে ‘গ্লাস অনিয়ন’ একটু ধীরগতির সিনেমা, যেখানে ধীরে ধীরে চরিত্রগুলো তৈরি করা হয়েছে। যেটার জন্য আমাদের যথেষ্ট অনুশীলন করতে হয়েছে। ছবিটি করতে গিয়ে অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছি, অনেক কিছু শিখেছি।
কাজ ছাড়া ইদানীং ম্যাডেলিনের প্রেম নিয়েও প্রায়ই কথা হচ্ছে। ২০২০ সালের জুনে ‘আউটার ব্যাংকস’ সহ-অভিনেতা চেজ স্টোকসের সঙ্গে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
তবে তাঁদের সে সম্পর্ক ২০২১ সালের অক্টোবরেই ভেঙে যায়। এরপর অনেকের সঙ্গেই তাঁর প্রেমের গুজব শোনা গেছে। এ প্রসঙ্গে গত মাসে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: আমাদের মধ্যে ‘ফুলে-ফুলে’ সম্পর্ক, ‘দা-কুমড়া’ নয়
