চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি: এবার যশোরে ইরি বোরো ধানের বাম্পার ফলন হলেও ধান কেটে ঘরে তুলতে শ্রমিক সংকটে পড়েছে কৃষক। বৈরি আবহাওয়ার কারণে মাঠে পাকা ধান রেখে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন অধিকাংশ চাষি। রাতদিন মাঠে থেকে সোনার ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে ন্যায্যমূল্য দিয়েও মিলছে না পর্যাপ্ত ধান কাটা শ্রমিক। তাই কৃষকদের ধান দ্রুত কেটে দিতে স্বেচ্ছায় মাঠে নেমেছেন যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমের নেতৃত্বে ইউনিয়নের উত্তর ললিতাদাহ গ্রামের যুবসমাজ। তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকার কৃষকদের ধান কেটে দিচ্ছে।
শনিবার সকালে উত্তর ললিতাদাহ গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে ৬৫/৭০ জনের বিশাল এক বহর নিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমের নেতৃত্বে এলাকার কৃষকের ধান কাটা উৎসব চলছে মাঠে। প্রথম দিন তারা ইউপি সদস্য আব্দুর রহিমসহ ৩ জন কৃষকের ১০ বিঘা জমির ধান কেটে দিয়েছে। এই দলের প্রবীণ সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাঈদ জানান, তারা এক সপ্তাহ জুড়ে স্বেচ্ছায় ধান কাটা উৎসব চলাবেন। ধান কাটা মাড়াইসহ গোলায় তুলে দেয়া পর্যন্ত তারা এ কাজ করে যাবেন।
ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, প্রথম দিন আমারসহ আরো দু’জন কৃষকের মোট ১০ বিঘা ধান কাটা হয়েছে। তার এই টিমে প্রথম দিনে ৬৫/৭০ জন এলাকার বিভিন্ন বয়সীর লোক অংশগ্রহণ করেন। সত্তর বছরের বৃদ্ধ খোকন মিয়া স্বেচ্ছায় ধান কাটায় অংশ নিয়ে বলেন, এক সাথে কাজ করার মজাই আলাদা। দলের সদস্য মিলন, বাবু, জাহাঙ্গীর, জালাল, বারেক ও সোহাগ জানান, এভাবে কৃষকদের পাশে দাঁড়াতে পেরে দারুণ খুশি তারা।