কল্যাণ ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় আগামীকাল বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। ইতোমধ্যে নির্যাতনের ঘটনায় দুটি তদন্ত প্রতিবেদন মঙ্গলবার হাইকোর্টে জমা দেয়া হয়েছে। প্রতিবেদন দুটি দেখে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করেন।
এ সময় আদালত রাষ্ট্রপক্ষকে সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুনের যেসব নথি রয়েছে, তা আদালতে জমা দিতে বলেছেন। এসব নথি দেখে আদালত আদেশ দেবেন।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন গাজী মো. মোহসিন, আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী মোহসিন সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই দুটি তদন্ত প্রতিবেদন আদালতে এসেছে। প্রতিবেদনে লিখিত স্টেটমেন্ট, অডিও ক্লিপও জমা দিয়েছেন। অভিযুক্ত অন্তরা, তাবাসসুম, লিমা, মীম, উর্মি ও মুয়াবিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
এ ছাড়া জুডিশিয়ারি তদন্তে বিশ্ববিদ্যালয়ের ওই হলের প্রভোস্ট, হাউজ টিউটরদের দায়িত্বে চরম অবহেলার বিষয়টি উঠে এসেছে। তারা তাদের দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছেন। হলের প্রভোস্টের সামনে এই ঘটনা ঘটার পরও তিনি নিশ্চুপ ছিলেন। বরং তিনি অভিযুক্তদেরকেই সহযোগিতা করেছেন।
তিনি ভুক্তভোগীকে কোনো সহযোগিতা করেননি। জুডিশিয়ারি প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উদাসীনতার বিষয়টিও উঠে এসেছে। তিনি অভিযোগ পাওয়ার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আদালত তদন্ত প্রতিবেদন ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন দেখে আগামীকাল আদেশ দেবেন।
আরও পড়ুন: গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ
