নিজস্ব প্রতিবেদক
৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টায়ার-২ এ টানা দ্বিতীয় জয় পেয়েছে যশোর। বুধবার মাদারিপুরের আচমত আলী খান স্টেডিয়ামে নেত্রকোনাকে হারিয়েছে ৭ উইকেটে। নেত্রকোনাকে ১৩৬ গুটিয়ে জয়ে ভিত গড়ে দিয়েছিল যশোরের বোলাররা। সেই ভিতের উপর দাঁড়িয়ে খুব বেশি বেগ পেতে হয়নি যশোরের ব্যাটারদের।
যশোরের জয়ে বল হাতে ইমন ফারাজি ও ব্যাট হাতে মিকাইল সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ইমন ৯ ওভার এক বলে একটি মেডেনসহ ১৫ রানে ৪টি উইকেট দখল করেন। বল হাতে পাশর্^চরিত্রে ছিলেন দলীয় অধিনায়ক ডানহাতি পেসার আমিনুর রহমান। আমিনুর ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এ দুজনের সাথে এক উইকেট পেলেও নিয়ন্ত্রিত বল করেছেন বাঁহাতি স্পিনার টিপু সুলতান। ে এমন নিয়ন্ত্রিত বোলিংয়ে টস জিতে প্রথমে ব্যাট করে ৪১ ওভার ৩ বলে ১৩৬ রানে গুটিয়ে যায় নেত্রকোনার দলীয় ইনিংস। নেত্রকোনার পক্ষে অরুপ রায় সর্বোচ্চ ৩৯ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩৬ রানের মধ্যে রিজওয়ান (১০) ও গত ম্যাচে ব্যাট হাতে নায়ক শাহারিয়ার সাকিব (১৪) সাজঘরে ফিরে যায়। তবে একপ্রান্ত আগলে রাখেন মিকাইল। তৃতীয় উইকেটে শামীম শরীফের সাথে ৩৯ রানে জুটি গড়েন। শামীম শরীফ ৩৯ বলে সমান ২টি চার ও ছয়ে ৩০ রান করেন। পরে মিকাইলের সাথে যোগদেন জাওয়াদ মো. রয়েন। চতুর্থ উইকেটে দুজন অপরাজিত ৬৪ রানের জুটি গড়েন। মিকাইল ১০১ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৫২ এবং রোয়েন ২৩ বলে ১টি চার ও ২টি ছয়ে অপরাজিত ৩০ রান করেন। নেত্রকোনার তীর্থ ১৬ রানে ২টি ও খালেদ সাইফুল্লাহ ১টি উইকেট দখল করেন।
