নিজস্ব প্রতিবেদক: যশোরে ই-জিপির দরপত্র দাখিল নিয়ে বুধবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে এই কর্মশালা করা হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এজাজ মোরশেদ চৌধুরী। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কা জাহের।
বক্তব্য রাখেন এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশল আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানি, যশোরের নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, ইজিপি ডিজিটাল বাংলাদেশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ইজিপির মাধ্যমে দরপত্রে অংশ নিলে কেউ বাধার মুখে পড়বে না। ঘরে বসেই দরপত্র দাখিল করা যাচ্ছে। তিনি বলেন, সরকার ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এজন্য অবকাঠামোর টেকসই উন্নয়ন প্রয়োজন। জলবায়ু পরিবর্তনকে মাথায় নিয়ে আমাদের প্রকল্প গ্রহণ করতে হবে। এবং সেটাকে বাস্তবায়ন করা জরুরি। তা না হলে উন্নত দেশ হওয়া যাবে না। দুর্নীতিমুক্ত দরপত্র প্রক্রিয়া করে সঠিকভাবে অবকাঠামোর উন্নয়ন সাধিত করতে কর্মশালায় অংশ গ্রহণকারীদের ভূমিকা অপরিসীম। এজন্য সবাইকে দেশের কল্যাণে এক হয়ে আন্তরিকতার সাতে প্রকল্পের কাজ শেষ করতে হবে। আগামী জুলাই মাসে পৌরসভাগুলোতে কবরস্থান ও শ্মশান উন্নয়নে ফান্ড দেয়া হবে। সেখানে আধুনিকমানের কাজ করতে হবে মেয়রদের।