ঢাকা অফিস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যুক্ত করে মোট সাত দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত ছিল। ফলে এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল।
এখন ১৮ মার্চও ছুটি ঘোষণার ফলে ঈদের আগে ছুটি দাঁড়াচ্ছে চার দিন। ১৭ মার্চ শবে কদরের ছুটি, ১৮ মার্চ নতুন ঘোষিত ছুটি এবং ১৯ ও ২০ মার্চ নির্বাহী ছুটি মিলিয়ে ঈদের আগেই টানা চার দিনের ছুটি থাকবে। এরপর ঈদের দিনসহ পরের দুই দিন মিলিয়ে মোট সাত দিনের ছুটি উপভোগ করা যাবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ অতিরিক্ত ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
