শাহিনুর রহমান, ঝাঁপা
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশেপাশের এলাকায় উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে এমন তথ্য জানিয়ে বিভিন্ন মোবাইল ফোনে ভুয়া এসএমএস পাঠানো হচ্ছে। এসএমএসগুলো পাঠানো হচ্ছে শিক্ষার্থীদের উপবৃত্তি গ্রহণের নগদ অ্যাকাউন্ট খোলা আছে এমন নম্বরে। তবে শিক্ষা অফিস বলছে প্রতারণার উদ্দেশ্যেই এমন বার্তা পাঠাচ্ছে প্রতারক চক্র।
২/৩ দিন আগে রাজগঞ্জের হানুয়ার গ্রামের লাকী খাতুনের মোবাইল ফোনে এমন একটি বার্তা আসে। তাতে লেখা প্রিয় স্টুডেন্ট, তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে ৪২০০ টাকা। নেয়ার জন্য যোগাযোগ করুন ০১৯৪৬৫৬৮৬৯২, ০১৯৩৯৩৮৯৯৮৮ এই নম্বরে। লাকী খাতুন রাজগঞ্জ মাধ্যমাক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী রানার মাতা। তাকে ছাড়াও রাজগঞ্জ ও আশেপাশের এলাকায় আরও অনেক শিক্ষার্থীকে এমন এসএমএস পাঠানো হয়েছে। যে নম্বর থেকে এসব এসএমএস পাঠানো হয়েছে, পরে সেই নম্বরে কল করলে, কল হয়নি।
শিক্ষা অফিস জানিয়েছে, যে সব শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর দেয়া আছে, তাদের উপবৃত্তির টাকা সরাসরি ব্যাংকে জমা হয়। আর যাদের ব্যাংক হিসাব নেই তাদের টাকা মোবাইল ব্যাংকিং হিসাব নম্বরে পাঠানো হয়। সরাসরি মোবাইল নম্বর থেকে এভাবে কল বা এসএমএস পাঠিয়ে টাকা দেয়া হয় না। আর আপাতত কোনো শ্রেণির উপবৃত্তির টাকা বিতরণ হচ্ছে না।
রাজগঞ্জের একজন মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী বলেন, শিক্ষার্থীর অভিভাবকেরা এসএমএস পেয়ে টাকা ওঠানোর জন্য আমাদের কাছে আসছেন। তবে এসব মোবাইল অ্যাকাউন্টে টাকা মিলছে না।
রাজগঞ্জ এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এমন বার্তার কথা অনেক শিক্ষার্থীর অভিভাবক জানিয়েছেন।
উপজেলা শিক্ষা অফিস বলছেন, এগুলো ভুয়া এসএমএস। যাদের টাকা আসবে অ্যাকাউন্টে এমনিতেই চলে আসবে। কোনো ধরনের মেসেজ পাঠিয়ে যোগাযোগ করতে বলা হবে না। এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ারও পরামর্শ দেন উপজেলা শিক্ষা অফিস।
