জ্যেষ্ঠ প্রতিবেদক: প্রদীপ প্রজ¦ালন, মনোজ্ঞ সাংস্কৃতিক ও শিশুদের নাচ-গানে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো সুরধনী সংগীত নিকেতন। শিশু, কিশোর ও কিশোরীর নাচ-গানে পড়ন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। সূর্যাস্তের পর লাল-নীল বৈদ্যুতিক বাতির আলোর ঝলকানিতে ছোট শিশুদের নৃত্যের তালে তালে আনন্দ-উৎসবে মেতে ওঠেন দর্শক- শ্রোতারা। তারপরই বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা মঙ্গল প্রদীপ প্রজ¦ালন করেন।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত যশোর শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে প্রতিষ্ঠানটির নানা বয়সের শিল্পী নাচে-গানে মাতিয়ে তোলেন দর্শকদের।
‘আজি শৃঙ্খল বাজিছে মাভৈঃ বরাভয়, এ যে আনন্দ-বন্দন ক্রন্দন নয়’ স্লোগানে ‘ভ্রমরা উড়ছে ফুলে ফুলে’ ছড়াগান দিয়ে শুরু হয় সুরধনী নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। একের পর এক রবীন্দ্র ও লোক সংগীত, নজরুল গীতি, দেশের ও আধুনিক গান পরিবেশিত হয়। সন্ধ্যায় শিশুদের নৃত্যানুষ্ঠান আনন্দ-উৎসবে নতুন মাত্রা যোগ করে। মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে মিলনায়তনে।
রাতে সংগঠনের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরিকুল ইসলাম ও দোলন চাঁপা।