নিজস্ব প্রতিবেদক ॥ এক’শ বোতল ফেনসিডিলসহ আটক হওয়ায় গিয়াস উদ্দিন নামে একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলঅম মল্লিক এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন বেনাপোলের পুটখালি গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট এম ইদ্রিস আলী।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১২ জুলাই পুটখালি বিজিবি ইঞ্জিন চালিত একটি ভ্যানসহ গিয়াস উদ্দিনকে আটক করে। এসময় বিশেষ কায়দায় রাখা তার ভ্যান তল্লাশি করে এক’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এব্যাপারে বিজিবির নায়েক উজ্জল হোসেন আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর আটক আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই শাফি আহমেদ রিয়েল। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।