কল্যাণধর্মী ইচ্ছা থাকলে তার প্রভাবে সমাজ বদলে দেয়া যায়। সৃষ্টির আদিকাল থেকে একক মানুষই উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন। তার আহবানে সমাজের মানুষ এগিয়ে এসেছে। সূচিত হয়েছে শুভযাত্রা। যার সুফল জন্মান্তরের মানুষ ভোগ করছে। এ ক্ষেত্রে প্রয়োজন উদ্যোগ ও নেতৃত্ব। ক্ষ্রদ্র আঙ্গিকে হলেও যশোর কেন্দ্রীয় কারাগার তার একটি দৃষ্টান্ত বলা যায়। কারাগারের কথা শোনা মাত্রই মানুষের উন্নাসিকতার ভাব সৃষ্টি হয়। যুগ যুগ ধরে সেখান থেকে কোন ভালো কিছুর কথা শোনা যায় না। আশার কথা হলো এই কারাগারটি এখন অনেকটা বদলে গেছে। দৈনিক কর্যাণের ৩১ জানুয়ারির সংখ্যায় সেই কথাই তুলে ধরা হয়েছে। লেখাপড়া, বইপড়া, খেলা-ধুলা আর বিনোদনের ব্যবস্থা রয়েছে। হস্তশিল্পের কাজ করে রোজগারের সুযোগ পাচ্ছেন কয়েদিরা। দৃষ্টি কাড়ছে নবনির্মিত বঙ্গবন্ধু কর্নার। কারা লাইব্রেরির ঝুলি পূর্ণ হয়েছে ১০ সহ¯্রাধিক বইয়ে। খাবার ও আবাসনসহ চিকিৎসায় ফিরেছে স্বচ্ছতা। কারা ক্যান্টিনের গলাকাটা ব্যবসাও বন্ধ হয়েছে। বসত বাড়ির রূপ ফিরে পেয়েছে কারাগারটি। এর সুফল পাচ্ছেন কারা সংশ্লিষ্ট সবাই।
কারাগারটিতে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটাই সব সময় থাকার কথা ছিল। কিন্তু দুর্নীতির কালো ছায়ায় সে নিয়ম ঢাকা পড়ে। শুধু করাগারে নয়, দেশে দুর্নীতি সর্বত্র। অবস্থা দৃষ্টে মনে হয় দুর্নীতিটাই যেন এখানে স্বীকৃত নিয়ম। কেউ চাকরি করলে আর একজন বেতনের কথা জানতে চেয়ে আগ্রহ সহকারে জানতে চায় ‘উপরি আয়’ আছে কিনা। এই উপরি আয়টা হলো দুর্নীতির মাধ্যমে বাগিয়ে নেয়া ঘুষ বা ফাঁকি দেয়া টাকা। যিনি এই অবৈধ টাকাটা পকেটে পোরেন তিনি বেশ গর্বের সাথে উপরি পাওয়ার কথাটা বলেন। যিনি বলেন কোন উপরি নেই তার প্রতি একটা উন্নাসিক ভাব দেখা দেয় প্রশ্নকর্তার। এ অবস্থা যেখানে স্বাভাবিক চিত্র সেখানে দুর্নীতির অবস্থা কি তা সহজে অনুমেয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সদিচ্ছার বড্ড প্রয়োজন। মুখে যে যা-ই বলুক না কেন সদিচ্ছার প্রয়োগ ছাড়া কোন ভালো কিছু সূচিত হবে না। যারা বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা সহজ নয়। কথাটা শতভাগ মিথ্যা। যদি কঠিন কোন কাজ হতো যশোর কেন্দ্রীয় কারাগারের চিত্র বদলাতে পারতো না। এই যশোরেরই অনেক দৃষ্টান্ত আছে যা মুখে শত আলোচনা করেও কিছু করা যায়নি, তা একক নেতৃত্বে এক নিমিষেই সংশোধন হয়ে গেছে। আমরা আহবান জানাবো দেশটাকে মানুষের বাসোপযোগী করার জন্য কল্যাণধর্মী ইচ্ছা নিয়ে এগিয়ে আসুন। সবার ওপরে মানুষ সত্য। এই মানুষের কল্যাণে সব কিছু করতে হবে।