কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কেটে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর ও ট্রাকের ধাক্কায় আসলাম হোসেন লিটন (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার সকালে লিটন মোটরসাইকেল যোগে যশোরে যাবার পথে বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হয়। তিনি উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
অপরদিকে রোববার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জের সুন্দরপুর স্টেশনের অদুরে প্রকাশ কুমার ট্রেনের নিচে কাটা পড়ে শরির খণ্ড বিখণ্ড হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন. রাতে খুলনা থেকে ঢাকাগামী গোয়ালন্দ ট্রেনে কাটা পড়তে পারে। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে রেল পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ কোটচাঁদপুর সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। সে কালীগঞ্জ উপজেলার কালুখালি গ্রামের মামা বাড়ি থেকে এবং তালেশ^র বাজারে নরসুন্দরের কাজ করতো। স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তি আত্মহত্যাও করে থাকতে পারে।
পাশ^বর্তী মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে।
বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
