কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর তাবাসসুম (৪ বছর ৬ মাস) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়-এর সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। পরিবারটি বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় থাকতেন। তাবাসসুমের বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুর আড়াইটার পর থেকে তাবাসসুম নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল।
বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে একটি রক্তাক্ত বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
