ওয়ারিয়র্স-ডায়নামিকের লড়াই ১-১ গোলে অমীমাংসিত
নিজস্ব প্রতিবেদক
যশোরে আর এন রোড সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ‘কিডস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সোমবার (৫ অক্টোবর) শহরের আর এন রোড নতুন বাজার মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর এন রোড ওয়ারিয়র্স ও আর এন রোড ডায়নামিক পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৮ মিনিটে দুর্দান্ত এক গোলে আর এন রোড ওয়ারিয়র্সকে এগিয়ে দেন আবেগ। গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ডায়নামিক। ধারাবাহিক আক্রমণের ফলও আসে দ্রুত। ম্যাচের ১৭তম মিনিটে আবু হুরাইরা গোল করে ডায়নামিককে সমতায় ফেরান।
এরপর দুই দলই একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় উদ্বোধনী ম্যাচ।
মোট আটটি দলের অংশগ্রহণে সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় টুর্নামেন্টটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
আর এন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, ক্রীড়া সংগঠক এ বি এম আক্তারুজ্জামান, আর এন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, জাতীয় দলের ফুটবলার মিনহাজুল করিম স্বাধীন এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদ আনোয়ারসহ অনেকে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর এন রোড ক্রীড়া চক্রের সহসভাপতি এজাজ উদ্দিন টিপু।
