কেশবপুর (যশোর) প্রতিনি: ধিমঙ্গলবার বিকেলে কেশবপুর মজিদপুর ইউনিয়নের বিনাকুড়ের মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসংঘের উদ্যোগে এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১৩টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়দৌঁড় দেখতে ওই মাঠে হাজার হাজার মানুষ ভিড় জমায়।
প্রতিযোগিতা কমিটির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, মজিদপুর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক গৌতম রায়, উপজেলা উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহিদ প্রমুখ। এ সময় ঘোড়ার পায়ের তলে পড়ে কুশুলদিয়া গ্রামের বাসতুল্য (৬৫) ও আলতাপোল গ্রামের সাকিব (৮) আহত হয়। আহতদেরকে কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রতিযোগিতায় অভয়নগর উপজেলা থেকে আসা নিছার আলীর আলী বাবা ঘোড়া প্রথম, একই উপজেলার জমির উদ্দিনের ঘোড়া মন্ডল দ্বিতীয় ও হাজী উসমানের ঘোড়া পাখি তৃতীয় হয়েছে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় বিজয়ীদের ভেতর পুরস্কার তুলে দেন।
উপজেলার পাঁজিয়া থেকে ঘোড়দৌঁড় দেখতে আসা কলেজ ছাত্র আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন পর ঘোড়দৌঁড় প্রতিযোগিতা হওয়ায় এ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। হাজার হাজার নারী পুরুষ দেখতে এসেছেন এ ঘোড়দৌঁড়। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতা টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।