আব্দুল্লাহ আল ফুয়াদ,কেশবপুর: কেশবপুর উপজেলার ১০ টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। আনুষ্ঠানিকভাবে উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ পাঠ করান যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত। এর আগে গত ২৭ জানুয়ারি নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
শপথ গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান, ১নং ত্রিমোহিনী ইউনিয়নের এস এম আনিছুর রহমান। ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো। ৩নং মজিদপুর ইউনিয়নে হুমায়ন কবির পলাশ (বিএনপি)। ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে আমজাদ হোসেন। ৫নং মঙ্গলকোট ইউনিয়নে আব্দুল কাদের বিশ্বাস (নৗকা)। ৭ নং পাঁজিয়া ইউনিয়নে জসীম উদ্দীন (নৌকা)। ৮ নং সুফলাকাটি ইউনিয়নে এস এম মুনজুর রহমান, ৯ নং গৌরিঘোনা ইউনিয়নে এস এম হাবিবুর রহমান (নৌকা), ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে গোলাম মোস্তফা বাবু (বিএনপি) ও ১১ নং হাসানপুর ইউনিয়নে তৌহিদুজ্জামান (নৌকা)।
ওই দিন বিকেলে কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে ১০ টি ইউনিয়নের ৯০ জন সাধারণ সদস্য ও ৩০ জন নারী সদস্যকে শপথ পাঠ করান কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন,উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং নবনির্বাচিত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের ৫ জানুয়ারি কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ টিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী, ৪ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ২ টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। গোলযোগ হওয়ায় কেশবপুর সদর ইউনিয়নের একটি কেন্দ্র স্থগিত হওয়ায় ফলাফল ঘোষনা বন্ধ হয়। স্থগিত থাকা একটি কেন্দ্রে গত ০৭ ফেব্রুয়ারি ভোট হওয়ায় পরবর্তী নির্ধারিত সময়ে ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের শপথ অনুষ্ঠিত হবে।