কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলের বসতবাড়িতে আবারও হামলার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে ওই হামলার ঘটনাটি ঘটে। এর আগেও একাধিকবার তার বাড়িতে হামলার ঘটনা ঘটানো হয় বলেও অভিযোগ রয়েছে। হামলার পর থেকে বিপুল ও তার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। হামলার ঘটনায় শেখ এবাদত সিদ্দিক নিজের ও পরিবারের লোকজনের নিরাপত্তা চেয়ে একই গ্রামের আবুল কালাম আজাদ (৪২), ফারুক হোসেন (২৮), রেজাউল ইসলাম (৪০) তাজ উদ্দিনের (৩৫) নাম উল্লেখ করে মঙ্গলবার কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
থানার সাধারণ ডায়েরি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলের সাথে একই গ্রামের আবুল কালাম আজাদের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিলো। তারই জের ধরে গত শনিবার (২ জুলাই) রাতে বালিয়াডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ (৪২), ফারুক হোসেন (২৮), রেজাউল ইসলাম (৪০) ও তাজ উদ্দিন (৩৫) কর্তৃক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলের বসতবাড়ির মেইন গেটে লাথি ও হাতুড়ি দিয়ে আঘাত করাসহ অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
