নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্র ও চেয়ারম্যানের প্রত্যয়ন জাল করে জমি লিখে নেয়ার অভিযোগে একই পরিবারের ৬ জনসহ ৯ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার কেশবপুরের নারয়নপুর গ্রামের মৃত আনিছুর রহমান বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, কেশবপুরের দশ কাউনিয়া গ্রামের মৃত আনোয়ারুল করিমের তিন ছেলে এসএম শাহিনুর রহমান, এসএম শামীমউল আলম, এসএম তরিকুল ইসলাম, ভোগতি নরেন্দ্রপুর গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে দলিল লেখক আব্দু হালিম, কলাগাছি গ্রমের মৃত কোবাদ আলীর ছেলে হায়দার আলী, ভেরচি গ্রামের মোজাহার আলীর ছেলে মুজিবর রহমান, সাতক্ষীরা সদরের পলাশপোল গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী ফেরদৌসি ইসলাম, তালার পরানপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী ফাতেমা খাতুন ও পাটকেলঘাটার তৈলকুপা গ্রামের জাকির হোসেনের স্ত্রী নিলুফা ইয়াসমিন।
এদিকে, অপর এক প্রতারণা মামলায় তদন্ত রিপোর্ট এ আসামিদের বিপক্ষে যাওয়ায় মামলার বাদী হাবিবুর রহমানকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন আসামিরা। উল্টো মিথ্যা মালায় দিয়েও হয়রানি করছেন বলে জানিয়েছেন তিনি।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা হাবিবুর রহমানের আত্মীয়স্বজন। আসামি এসএম শাহিনুর রহমান জালিয়াতি চক্রের প্রধান কারিগর। মরহুম আনিছুর রহমান তিন পুত্র ও চার কন্যা সন্তানের জনক। তার রেখে যাওয়া জায়গা-জমি ছেলে মেয়েরা হিস্যা অনুযায়ী বন্টন করে ভোগ দখল করেছেন। আসামি শাহিনুরে মা ও তার এক খালার ৫ দাগে ৩৩ শতক জমি বিক্রি করেন তার মামা হাবিবুর রহমানের কাছে। যার দলিল নম্বর ৩১৬৬। যা হাবিবুর রহমান ভোগদখল করছেন। এরমধ্যে আসামি শাহিনুর ও তার অপর দুই ভাই হাবিবুর রহমানের দুই বোন শামছুন্নাহার ও মেহেরুন্নেছাকে এক ব্যাক্তি করে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র তৈরি করেন। এরপর ২০১৭ সালের দুই ব্যক্তিকে একই দেখিয়ে হাবিবুর রহমানের কেনা জমি জালিয়াতি করে দলিল করে নেন। পরে বিষয়টি জানাজনি হলে হাবিবুর রহমন জমির দলিলের নকল তুলে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন।
হাবিুবর রহমান জানিয়েছেন, শাহিনুর রহমানসহ অপর আসামিদের বিরুদ্ধে করা প্রতারনা মামলার তদন্ত শেষে আসামিদের অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছে পিবিআই। এ প্রতিবেদন আসামিদের বিরুদ্ধে যাওয়ায় শাহিনুরসহ অপর আসামিরা মামলার তাকে নানা ভাবে হুমকি দিচ্ছেন। তার এক ভাইয়ের স্ত্রী-সন্তানদের ভিটে ছাড়া করেছেন শাহিনুর ও তার ভাইয়েরা। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। বর্তমানে শাহিনুর ও তার লোকজনের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা।
