নিজস্ব প্রতিবেদক
কেশবপুর উপজেলার আলতাপোল এলাকার বিএনপি নেতা উজ্জল বিশ্বাস (৩৯) যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার রাতে কেশবপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জলসহ চারজনকে আটক করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলা কারারক্ষক আবিদ আহম্মেদ জানান, রাত ৯টার দিকে উজ্জলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় উজ্জল অসুস্থ অবস্থায় ছিলেন এবং তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারাগারে প্রাথমিক চিকিৎসা প্রদানের পরও রাত সাড়ে ১০টার দিকে তার শারীরিক অবস্থা হঠাৎ করেই অবনতির শিকার হয়।
দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। চিকিৎসকরা জানান, উজ্জলের শরীরে বিভিন্ন অংশে চাপা আঘাতের চিহ্ন এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ ছিল। এই অবস্থায় তার মৃত্যু হয়েছে।
উজ্জল বিশ্বাস কেশবপুর উপজেলার আলতাপোল এলাকার নাজির বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
অভিযানে উজ্জলের সঙ্গে আরও তিনজন—জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম এবং নতুন মূলগ্রামের রাসেল—অস্ত্র ও মাদকসহ আটক হন। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উজ্জলের কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া এবং একটি চাপাতিও পাওয়া গেছে।
এই ঘটনার প্রেক্ষিতে পৃথক তিনটি মামলা দায়ের করে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়। মামলা চলাকালীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন উজ্জল। শুক্রবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
