কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশীপুরে এ দুর্ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান।
নিহতরা হলেন- ভ্যানচালক কালীগঞ্জের গিঘাটি এলাকার বাসিন্দা সোলেমান মিয়া (৬৫), কালীগঞ্জের বলাবাড়িয়ার বাসিন্দা শাহীন হোসেনের মেয়ে খুকুমনি (৫) এবং কোটচাঁদপুরের এলাঙ্গি এলাকার রুবেল মিয়ার দেড় মাসের শিশু রিফাত। বাকি একজনের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে খুকুমনি তার নানীর বাড়ি এলাঙ্গিতে থাকত।
পুলিশ জানায়, রুবেল মিয়া ছেলেসহ পরিবারের সদস্যদের নিয়ে সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে যান। সেখানে থেকে ভ্যানে করে ফিরছিলেন। পিকআপটি কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে। বাকি পাঁচজনকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন:ঝিনাইদহে পানচোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধ নিহত
