নওয়াপাড়া প্রতিনিধি
ভৈরব আদর্শ কলেজ প্রতিষ্ঠায় এক একর ২৭ শতক জমি দান করেছেন প্রান্তিক পানচাষি সিদ্ধিপাশা গ্রামের বাসিন্দা রমেশ চন্দ্র দাস(৬০)। এই জমির দাম এক কোটি টাকা। কিন্তু আগামী প্রজন্মের কাছে তার স্মৃতি ধরে রাখার মত কিছুই করেনি কলেজ কর্তৃপক্ষ ।
২০০১ সালে কলেজটি প্রতিষ্ঠা লগ্নে জমিদান করার জন্য একজন ধনাঢ্য ব্যক্তি সম্মত হয়েছিলেন। কিন্তু রেজিস্ট্রি করার সময় তিনি প্রতিশ্রুত জমি না দিয়ে সটকে পড়েন। প্রায় দেড় শতাধিক গ্রামবাসী বিফল মনোরথ হয়ে রেজিস্ট্রি অফিস থেকে ফিরে যাবার ওই জমি দান করার অভিব্যক্তি প্রকাশ করেন। যে কথা সেই কাজ। তিনি জমি লিখে দেন পরিবারের বাধা বিপত্তি ডিঙিয়েও। শুধু তাই নয় তিনি রেজিস্ট্রি খরচও দিয়ে দেন। এ দানের মাধ্যমে অভয়নগরে আলোচনায় উঠে আসে তার নাম।
রমেশচন্দ্র দাসের ছেলে যাদব দাস,কন্যা পলি দাস ও ডলি দাস জানান, নিজের পরিবারের সঞ্চিত অর্থ ব্যয় করতে কৃপণতা করেননি। আমাদের পিতা শিক্ষার আলো জ্বালার জন্য যা করেছেন তাতে আমরা ধন্য। স্ত্রী লক্ষী দাসও জমিদানে এখন বেশ খুশি।
কলেজের বর্তমান প্রিন্সিপাল পিজুষ হীরা জানান, তার স্মরণে কিছু করে রাখতে পারলে আমারও আত্মা শান্তি পেত। তার নামে ভবন,একটি কক্ষ করার জন্য নানা সুপারিশও আসছে।