নিজস্ব প্রতিবেদক
এনআরবি ব্যাংক যশোরে প্রান্তিক পর্যায়ের দশজন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ঋণ বিতরণ করেছে। এনআরবি ব্যাংকের ১০, ৫০ এবং ১শ টাকার হিসাবধারীদের জন্য ৭৫০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কীম’ আওতায় জেলার গ্রাহকদের মাঝে এই ঋণ দেয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্যাংকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে এই অর্থিক অন্তর্ভুক্তিমূলক চেক বিতরণ করা হয়।
এনআরবি ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক সৌমিত্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বাবলম্বী করতে দেশের সমস্থ জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে তাদেরকে ক্ষুদ্র ঋণ প্রদান করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের এই ঋণ প্রদান করে স্বাবলম্বী করতে পারলেই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলায় রূপান্তরিত হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর ফরাজী, এসএমই ও কৃষি ব্যাংকের প্রধান এএম জাহেদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন রিয়াজ উদ্দিন রাজু, শফিকুল ইসলাম প্রমুখ।
