মহাকবি মাইকেল মধূসূদন স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার বৃহৎ এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার সাথে জড়িত। এই নদটি খননে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল। যা বাস্তবায়নে খনন কাজ শুরু হয়েছে। কিন্তু এই খনন কাজে নয় ছয়ের অভিযোগ উঠেছে। কপোতাক্ষ নদের খননকৃত মাটি নদের মধ্যেই ফেলা হচ্ছে। সে কারণেই নদের চেহারা খালের রূপ ধারণ করেছে। নদ খননের আগে এর প্রশস্ততা থাকলেও খননের পরে নদ তার আপন চেহারা ফিরে পাচ্ছে না। লুনা এন্টারপ্রাইজ কপোতাক্ষ নদের ৫ কিলোমিটার খননের কাজ পেয়েছে। নদ খনন হবার কথা ৮ ফুট গভীর এবং সেই গভীরতায় তলদেশের প্রস্থ হবে ১১৫ ফুট। নদের দুই পাড়ের প্রস্থ হবে ১৭৫ ফুট। সেই নিয়মে নদ খননে সন্দেহ আছে বলে জানিয়েছেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।
অভিযোগের সত্যতা পাওয়া যায় কাটাখালের কপোতাক্ষ নদের তীরে বসবাসকারী মৎস্যজীবী শিবু বাছাড়ের বাড়ি দেখে। ওই বাড়িটিতে খনন কাজের সীমানা নির্ধারণ করা রয়েছে। অথচ সেই বাড়ির প্রায় ২০ ফুট দূরে নদের পাড়ের মাটি ফেলা হচ্ছে। এই নদের উৎপত্তি চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙ্গা নদী থেকে এবং এটি পরে যশোর জেলার চৌগাছা উপজেলায় ভৈরব ও কপোতাক্ষ দুটি শাখায় বিভক্ত হয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় কাছে শিবসা নদীতে গিয়ে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ২৩৮ কিলোমিটার (১৪৮ মাইল), গড় প্রস্থ ১৫০ মিটার (৪৯০ ফুট), গভীরতা ৩ দশমিক ৫ থেকে ৫ মিটার (১১ দশমিক ৫ থেকে ১৬ দশমিক ৪ ফুট)। এই নদ ৮০০ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত।
কপোতাক্ষ বাঁচাও আন্দোলন নদটির সার্বিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে। পলি জমে ভরাট নদের বুকে প্রবাহ ফিরিয়ে আনা, খনন কাজে অনিয়ম প্রতিরোধ এবং নদটিকে জীবন্ত করার পরিকল্পনা প্রণয়ন সব কিছু সংগঠনটি নিস্বার্থভাবে করে চলেছে। যখনই তারা শুনেছে কপোতাক্ষ খননে অনিয়ম করা হচ্ছে তখন ছুটে গেছেন সেখানে। তারা অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। নদ খননের মাটি যদি নদের ভেতরেই ফেলা হয় তাহলে কোটি কোটি টাকা ব্যয় করে খনন করার কোন যৌক্তিকতা ছিল না। খননকৃত মাটি নদের ভেতর ফেলানোর ফলে নদটির প্রশস্ততা কমে এখন খালের আকার ধারণ করেছে। সব চেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এ বিষয়টি যাদের দেখার কথা তারা চোখ মুদে আছে। এর পেছনে কি রহস্য আছে তা আল্লাহই মালুম। এ অবস্থা অব্যাহত থাকলে খননের নামে ব্যয় করা টাকা সবটাই পানিতে যাবে। অবস্থা দৃষ্টে নদের পড়শীরাও ক্ষোভ প্রকাশ করেছে।