নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ার ফার্মেসিতেও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ পাকেটজাত গুড়া দুধ ও মশলা বিক্রিও চলছে সমানতালে। এসব অনিয়মের কারণে উপজেলার খাজুরা বাজারের ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় শনিবার খাজুরা বাজারে তদারকিমূলক অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। তদারকিকালে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করায় সোহেল মেডিকেলকে ৩ হাজার এবং একই অপরাধের জন্য মেসার্স লাজ ফার্মাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপর প্রতিষ্ঠান মিলন স্টোর মেয়াদ উত্তীর্ণ ওষুধ, পাকেটজাত গুড়া দুধ ও মশলা বিক্রি এবং সংরক্ষণ করে জরিমানা দিয়েছে এক হাজার টাকা।
অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করার জন্য বলা হয়। অভিযান পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব।