কল্যাণ ডেস্ক
কয়েক মাস ধরে পরিকল্পনা করার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরানও।
দুবাই, দোহা, তেল আবিবে বিস্ফোরণ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে।
অন্যদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা বেড়ে ১৬-তে দাঁড়িয়েছে।
এছাড়া ইসরায়েলের তেল আবিবে একাধিক বিস্ফোরণ হয়েছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরায়েল এখন ইরানকে ‘ভেঙে ফেলার’ চেষ্টা করছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস-এ প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, ইসরায়েলি ‘শাসকগোষ্ঠী নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বড় দেশগুলোকে টুকরো টুকরো করা ছাড়া আর কোনো পথ দেখছে না।’
লারিজানি এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লুণ্ঠনের আদর্শ প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেন এবং ইরানের সম্পদ দখলের চেষ্টার অভিযোগ তোলেন। তিনি আরও বলেন, ‘আমেরিকা এবং জায়নবাদী গোষ্ঠী ইরানি জাতির হৃদয় পুড়িয়েছে, আমরাও তাদের হৃদয় জ্বালিয়ে দেব।’
আজই গঠিত হচ্ছে ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ: লারিজানি
ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি জানিয়েছেন, আজই দেশে একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করা হবে।
নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি নির্বাচনের আগপর্যন্ত এই পর্ষদ সাময়িক শাসনব্যবস্থা হিসেবে কাজ করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর পাল্টা হামলা না করতে জন্য কড়া সতর্কবার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন: ‘ইরান এইমাত্র জানিয়েছে, তারা আজ ভীষণ কঠোর আঘাত হানতে যাচ্ছে, যা তাদের আগের যেকোনো হামলার চেয়েও শক্তিশালী হবে। তবে তাদের এমন হামলা না করাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ তারা যদি আঘাত হানে, তবে আমরা তাদের ওপর এমন শক্তি নিয়ে আঘাত করব আগে কখনো দেখা যায়নি!’
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ষষ্ঠ দফার হামলা শুরু করেছে।
সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল ও ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে তারা। তাদের দাবিমতে, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নভ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া ও একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।
ইরানের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮
ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা ১৪৮-এ পৌঁছেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে ‘বর্বোরোচিত কাজ’ বলে উল্লেখ করেছেন।
স্কুলটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি ঘাঁটির কাছে অবস্থিত।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।
পাকপুর ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল যুদ্ধের সময় পূর্বসূরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হন। কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে তিনি ১৬ বছর আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।
সামরিক বাহিনীর এই ঘোষণার পর মধ্য-ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সরাসরি ‘সতর্কতামূলক নির্দেশনা’ পাঠিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে।
খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি।
এরপর ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি নিবন্ধে পাহলভি তার চিন্তাভাবনা আরও বিস্তারিত তুলে ধরেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।
রেজা পাহলভি লিখেছেন, গত প্রায় অর্ধশতাব্দী ধরে ইরান প্রতিবেশীদের সার্বভৌমত্ব খর্ব করেছে, বিশ্বজুড়ে সংঘাত উসকে দিয়েছে এবং পারমাণবিক অস্ত্র ও তা বহনের জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্য নিয়ে কাজ করেছে।
পাহলভি বলেন, ইরানের আগামীর পথে নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা উচিত। এরপর ‘আন্তর্জাতিক তত্ত্বাবধানে’ অবাধ নির্বাচন আয়োজন করা প্রয়োজন।
তিনি লিখেছেন, ‘ইতিহাস তার মোড় পরিবর্তনের মুহূর্ত খুব কমই আগাম ঘোষণা দেয়। কিন্তু এমন সময় আসে, যখন সাহস, নেতৃত্ব ও সংহতি জাতির গতিপথ বদলে দিতে পারে।’
খামেনি হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার ইরানি প্রেসিডেন্টের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে উপযুক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই জঘন্য অপরাধের কোনো জবাব দেওয়া হবে না—এমনটি ভাবার কারণ নেই। এটি ইসলামি বিশ্ব ও শিয়া মতবাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত খরস্রোতা ঝরনার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান-জায়নবাদী নিপীড়ন ও অপরাধের শিকড় উপড়ে ফেলবে।’
এতে আরও বলা হয়, ‘ইসলামি উম্মাহ ও বিশ্বের মুক্তিকামী মানুষের সমর্থন নিয়ে আমরা এবারও আমাদের সর্বশক্তি ও সংকল্প দিয়ে এই বিশাল অপরাধের কারিগর ও নির্দেশদাতাদের অনুতপ্ত হতে বাধ্য করব।’
সর্বোচ্চ নেতার স্মরণে তেহরানে জনতার ঢল
রোববার ভোর হওয়ার সাথে সাথে সর্বোচ্চ নেতা খামেনির স্মরণে তেহরানে জড়ো হতে শুরু করেছেন সরকারপন্থী সাধারণ মানুষ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, তেহরানের রেভল্যুশন স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে বিপুল মানুষ সমবেত হয়েছেন। উপস্থিত জনতাকে পতাকা নাড়াতে, স্লোগান দিতে ও খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে শোক পালন করতে দেখা যায়।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইরিব-এর ফুটেজে দেখা গেছে, হযরত ফাতেমা মাসুমেহর মাজারে উপস্থিত ইরানিরা ‘আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক’ দিচ্ছেন।
ইরানের ক্ষমতার পালাবদল তদারকি করবেন প্রেসিডেন্টসহ তিনজন
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতার পালাবদল তদারকি করতে অন্তর্বর্তী সময়ের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে ইরান। এই কমিটিতে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনজ্ঞ। গার্ডিয়ান কাউন্সিল ইরানের পার্লামেন্ট প্রণীত আইন যাচাই-বাছাই করার ক্ষমতাপ্রাপ্ত সংস্থা। তিন সদস্যের এই কাউন্সিল সাময়িকভাবে দেশের যাবতীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।
ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অভ লিডারশিপ এক্সপার্টস এখন খামেনির উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। সংবিধান অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে থাকা ইরানে নিরাপত্তার কারণে দ্রুত সবার সমাবেশ করা কঠিন হয়ে পড়তে পারে।
খামেনি নিজেও রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনেই উত্তরসূরি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
শিগগিরই ‘বিধ্বংসী অভিযান’ শুরুর ঘোষণা আইআরজিসির
সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু পর ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে সংস্থাটি ঘোষণা করেছে, তারা ‘ইসলামিক রিপাবলিক অভ ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান’ শুরু করতে যাচ্ছে।
আইআরজিসি বলেছে, ‘কিছুক্ষণের মধ্যেই’ এই অভিযান শুরু হবে। তাদের এই হামলার লক্ষ্যবস্তু হবে এ অঞ্চলের ‘দখলকৃত এলাকা ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলো’।
নিজের কার্যালয়েই নিহত হন খামেনি: রাষ্ট্রীয় টিভি
রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলোতে উপস্থাপকদের পড়ে শোনানো বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে— আয়াতুল্লাহ খামেনি শনিবার ভোরে তার কার্যালয়ে দায়িত্ব পালন করার সময়ই নিহত হন।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই তেহরানে অবস্থিত ‘লিডারশিপ হাউস’ কমপ্লেক্সের কিছু অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ পেয়েছে। এই স্থানটিই খামেনির কার্যালয়।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি বলেছে, অফিসে খামেনির মৃত্যু প্রমাণ করে যে, তিনি ‘আত্মগোপনে’ ছিলেন—এমন দাবি ছিল ‘শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ’।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
খামেনির মৃত্যুর খবর জানাতে গিয়ে রাষ্ট্রীয় টিভির এক উপস্থাপক আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, দেশজুড়ে ৪০ দিনের শোক পালন করা হবে।
এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতনিও নিহত হয়েছেন।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির এক পুত্রবধূও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় টিভি আরও জানিয়েছে, খামেনির মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বর্তমানে ইরানের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল আইআরআইএনএন খামেনির বিভিন্ন ছবি প্রচার করছে। যার বাকোগ্রাউন্ডে কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে এবং পর্দার বাম পাশে কালো শোকবার্তা প্রদর্শন করা হচ্ছে।
এর আগে, উপস্থাপক ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতি পড়ে শোনান। সেখানে খামেনির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় এবং এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়।
বিবৃতিতে বলা হয়, খামেনির “শাহাদাত” নিপীড়কদের বিরুদ্ধে সংগ্রামে এক নতুন জাগরণের সূচনা করবে।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আর ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনির নিহত হওয়ার কথা সরাসরি নিশ্চিত করেননি।
ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, খামেনি মারা গেছেন এবং তার মরদেহ খুঁজে পাওয়া গেছে। তবে ইরানের পক্ষ থেকে খামেনির পরিণতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরানের মিনাবে স্কুলে ইসরায়েলের হামলার পর উদ্ধার তৎপরতা। ছবি: এপি
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইরানের নাগরিকদের ‘রাস্তায় নেমে আসার এবং কাজ শেষ করার’ আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে খামেনি নিহত হয়ে থাকতে পারেন—এমন অনেক লক্ষণ পাওয়া যাচ্ছে। নেতানিয়াহু বলেন, ‘আজ সকালে আমরা স্বৈরশাসক খামেনির কম্পাউন্ড ধ্বংস করেছি।’
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ‘অনুমতি নেই’: জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) থেকে ভিএইচএফ বেতার বার্তার মাধ্যমে জাহাজগুলোকে জানানো হচ্ছে যে “হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না”।
দেশটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা শুরু করার পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) একথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডেস–এর এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, বিভিন্ন বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ এ ধরনের বার্তা পেয়েছে বলে মিশনের কাছে তথ্য রয়েছে। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেনি।
