ঢাকা অফিস
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ। বর্তমানে মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে পরিণত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
এর আগে, বেলা ১১টার দিকে জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়। পৌনে ১১টার পর গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়।
গাড়িবহরে লাল-সবুজ রঙের বাসও ছিল। তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে আসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনরাও গাড়িবহরে ছিলেন।
এর আগে, সকাল ৯টার একটু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করে।
জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দাফনের সময় অতিরিক্ত ভিড় এড়াতে জিয়া উদ্যানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
