ব্রিফিংয়ে বিএনপি নেতা আজম খান
কল্যাণ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তাঁর ভাষায়, “গতকাল রোববার রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন।”
আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, “ম্যাডাম ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। সারা জাতির কাছে আমাদের একটাই অনুরোধ—তার জন্য দোয়া করবেন।”
বিএনপির এই শীর্ষ নেতা জানান, খালেদা জিয়াকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে রয়েছেন। তার ভাষায়, “যা–ই বলুন, ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট—ম্যাডাম অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় আছেন।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের পাশাপাশি এখন চীনের চিকিৎসকেরাও চিকিৎসায় যুক্ত হয়েছেন। “সবাই মিলে ক্লান্তিহীন পরিশ্রম করছেন। বাকিটা আল্লাহর হাতে,” যোগ করেন আজম খান।
এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লিভারজনিত জটিলতা, কিডনির কার্যক্ষমতা হ্রাস, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক সমস্যায় তিনি ভুগছেন।
২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর অবস্থা কোথাও উন্নতি না হয়ে বরং অবনতির দিকেই গেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার জানান, “চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।”
পরদিন তিনি বলেন, “উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই খালেদা জিয়া।” দল–সমর্থকসহ দেশবাসীর মনোযোগ হাসপাতালের সামনে হাসপাতালের বাইরে এখন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সবাই সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন।
