নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ খুলনা বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও খুলনার কাছে হেরেছে যশোর। শনিবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে যশোরের করা ১১১ রান খুলনা টপকে যায় ৯২ বল ও ৪ উইকেট হাতে রেখে। ৪ উইকেটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে খুলনা। অপরদিকে রান রেটে পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে যশোরের। এর আগে প্রথম লেগেও খুলনার কাছে হারে যশোর।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ ওভার তিন বলে সব ক’টি উইকেট হারিয়ে ১১১ রান করে যশোর। ব্যাট হাতে যশোরের রাকিবুল হাসান ৬০ বলে দু’টি চারে ২০, কাবিদ আল সিয়াম ৫১ বলে চারটি চারে ২৬, সৈয়দ আনোয়ার ৩৮ বলে দু’টি চারে ১৯, আরিফুজ্জামান ৩৭ বলে একটি চারে ১০ রান করেন। অতিরিক্ত হতে আসে ২৩ রান। বল হাতে খুলনার রাকিব ১৭ রানে পাঁচটি, হাসিবুর রহমান আট রানে দু’টি এবং একটি করে উইকেট নিয়েছেন শিমুল হক ও এস এম আনোয়ার।
খুলনার ব্যাটিং ইনিংসে রুবায়েত ইসলাম ২২ বলে তিনটি চারে ১৭, মুজাহিদুল ইসলাম ৪১ বলে পাঁচটি চারে ২৯, নাহিয়ান জামান ৪৪ বলে ১৪, শিমুল হক ৪৩ বলে একটি চারে ১৭, রায়হান ইসলাম ২৯ বলে একটি চারে অপরাজিত ১০ ও সাইমুম ইসলাম ১১ বলে দু’টি চারে অপরাজিত ১১ রান করেন।
বল হাতে যশোরের তরফদার ২৬ রানে দু’টি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সৈকত মল্লিক, সাজ্জাদ হোসেন, আসিফ আলী ও আরিফুজ্জামান।
