নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনায় যশোরের প্রাণকেন্দ্র দড়াটানার ভৈরব হোটেল থেকে গরম তেল দিয়ে এক শিশুকে ঝলসে দেয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলার আসামি করা হয়েছে ভৈরব হোটেলের বাবুর্চি ইব্রাহিম বিশ্বাস। তাকে পুলিশ আটক করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটক ইব্রাহিম বিশ্বাস কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাসিন্দা।
বাদী অভয়নগরের চেঙ্গুটিয়া গ্রামের নাজমুল হাসান মামলায় বলেছেন, তার আত্মীয় আফরোজা খাতুনকে চিকিৎসা করানোর জন্য যশোরের ইবনেসিনা হাসপাতালে আসেন। আফরোজা খাতুন একই এলাকার চাপাতলা গ্রামের জামাল মোল্যার স্ত্রী। ওইদিন রাত ৮টার দিকে আফরোজার ছেলে আইমান রাহাত হোসেনকে সাথে নিয়ে ভাত খাওয়ার জন্য ভৈরব হোটেলে যান নাজমুল হাসান। হোটেলের সামনে তাদের মোগলাই পরোটা ভাজছিল ইব্রাহিম বিশ্বাস। ভাত খাওয়া শেষ করে বের হওয়ার সময় কর্মচারি ইব্রাহিমের গায়ের সাথে সামান্য ধাক্কা লাগে শিশু রাহাতের। এসময় তর্কবিতর্কের এক পর্যায় কর্মচারি ইব্রাহিম মোগলাই ভাজা কড়াইতে থাকা গরম তেল একটি চামচে করে শিশু রাহাতের গায়ে ছুঁড়ে মারে। এসময় ছটফট করতে থাকে শিশু রাহাত। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় মামলা দেয়া হলে পুলিশ আসামি ইব্রাহিমকে আটক করে।