নিজস্ব প্রতিবেদক
গানে গানে বিএনপির ধানের শীষের নির্বাচনী প্রচারণা করেছেন জনপ্রিয় শিল্পী সোহরাব মিয়া। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের দেয়াড়া ইউনিয়নে গণসংযোগ কর্মসূচির শুরুতে এড়েন্দা বাজারে আয়োজিত এক পথসভায় তিনি গান পরিবেশন করেন।
গানের মাধ্যমে শিল্পী সোহরাব মিয়া ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি অনিন্দ্য ইসলাম অমিতের পিতা প্রয়াত তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে জনগণের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মপরিকল্পনাও তিনি গানের ভাষায় উপস্থাপন করেন।
দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের আগমনের খবর পেয়ে আগে থেকেই এড়েন্দা গ্রামের রাস্তার পাশে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন। তিনি রাস্তায় নামার সঙ্গে সঙ্গে ফুল ছিটিয়ে, মিছিল ও স্লোগানের মাধ্যমে ভালোবাসা জানান এবং ধানের শীষের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেন।
এ সময় দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ প্রয়াত সকল নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি জনগণের আস্থার প্রতিদান দেয় কাজের মাধ্যমে। অতীতে দেয়াড়া ইউনিয়নবাসী যতবার ধানের শীষে ভোট দিয়েছে, ততবারই তারা উন্নয়নের সুফল পেয়েছে। আমার পিতা প্রয়াত তরিকুল ইসলাম এই ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাটের উন্নয়ন করেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন এবং ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ করেছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে তার হাতে গড়া অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সুযোগ পেলে নতুন করে সেগুলো চলাচলের উপযোগী করে গড়ে তুলতে চান তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত দিনব্যাপী দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করবেন।
