নিজস্ব প্রতিবেদক: এগারোটি ঘোড়া মাঠের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে ছুটে চলছে। চলা তো নয়, প্রাণপণ ছুটে চলা। মানুষজন লম্বালম্বি হয়ে বসা, কেউবা দাঁড়িয়ে। সবার দৃষ্টি মাঠের মাঝ দিয়ে ছুটে চলা ওই ঘোড়াগুলোর দিকে। তাদের পিঠে সওয়ার, একটু গতি কমালেই চাবুকের ঘা। শুক্রবার বিকালে যশোর সদর উপজেলার রাজাপুর মাঠে এমন ঘোড় দৌড় আয়োজন ছিল।
ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে সকাল থেকেই বিস্তীর্ণ ফাঁকা মাঠজুড়ে বসে মেলা। মেলায় ছিলো নাগরদোলা, নানা পণ্য সামগ্রী ও খাবারের দোকান। রঙিন বেলুন হাতে নিয়ে ছিলো শিশুদের মাতামাতি। দল বেঁধে ছেলে-মেয়েরা ঘুরতে থাকে মাঠের এপার থেকে ওপারে। উৎসবে মেতে উঠেন এলাকাবাসী।
দূর-দুরান্ত থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। এদিন দুপুরের পরপরই প্রতিযোগিতা শুরু হয়, চলে প্রায় সন্ধ্যা নাগাদ। রাজাপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ বছরের ঘোড়দৌড় প্রতিযোগিতায় যশোর, মাগুরা ও নড়াইলের ১১টি ঘোড়া অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোল্যা। প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
এ প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়া উপজেলার জলকরের বিল্লাল হোসেনের ঘোড়া প্রথম, একই উপজেলার সুখদেবনগরের নজরুল মুন্সীর ঘোড়া দ্বিতীয় এবং চৌগাছা উপজেলার আবিরের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।