নিজস্ব প্রতিবেদক: যশোরের চাঁচড়া ফাড়ির সাবেক ইনচার্জ ইন্সপেক্টর রোকিবুজ্জামানের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষদাবির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। গত ২১ মার্চ আদালতে মামলাটি করেছেন যশোর শহরের মিশনপাড়ার মৃত আবুল হাসেমের ছেলে মাসুম কবির। এর আগে তিনি দুদকেও একই অভিযোগ করেন। আদালত ওই দিনই বিষয়টি আমলে নিয়ে দুদকের অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহন করা হয়েছে তা জানতে চেয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে ৪ এপ্রিল মামলার পরবর্তি দিন ধার্য করেন। গত ৪ এপ্রিল মামলার ধার্য দিনে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক দুদকের প্রতিবেদন না আসায় আগামি ২৪ মে মামলার পরবর্তি দিন ধার্য করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, তিনি যশোর মাদকাসক্ত নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রে মালিকানা সদস্য থাকা অবস্থায় গত বছরের ২২ মে মাহফুজুর রহমান নামের এক রোগীর মৃত্যু হয়। ওই মৃত্যু সংক্রান্তে মামলায় আসামি করা হবেনা মর্মে রোকিবুজ্জামান ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় ওই মামলায় আসামি করা হবে বলে ভয়ভীতি দেখায়। তারই অংশ হিসেবে গত ২২ মে রাত ১০ টায় রোকিবুজ্জামান বাদীকে চাঁচড়া ফাড়িতে ডেকে নেন। সেখানে নিয়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে রাত সাড়ে তিনটায় মিশনপাড়ার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। বাদী ও তার শ্বশুরকে ওই দশলাখ টাকা ঘুষ দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
সবশেষে ঘুষের টাকা না পেয়ে এ ঘটনায় কোতোয়ালি থানায় যে হত্যা মামলার হয় সে মামলায় বাদীকে আসামি করা হয়। এছাড়া মামলার আসামি ও স্বাক্ষীদেরও আদালতে দেয়া জবানবন্দিকে মাসুম কবীরের বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষীদেয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় বলে মামলায় উল্লেখ করেন মাসুম কবীর।
মাসুম কবীর মামলায় আরও উল্লেখ করেন, মুলত আশরাফুল কবীর তুহিনের সার্বিক তত্ববধানে পরিচালিত হত প্রতিষ্ঠানটি। ওই দিন সকালে ৬টা ৪৫ মিনিটে রুটি তৈরীকে কেন্দ্র করে গোলোযোগের কারণে পারপিটের ফলে মৃত্যু মাহফুজুর রহমানের। যা সিসি ফুটেজে উঠে এসেছে। যা পরে তিনি তুহিনের মাধ্যমে জানতে পারেন। অথচ রোকিবুজ্জামান ১০ লাখ টাকা ঘুষ না পেয়ে বাদীকে ওই হত্যা মামলার হুকুমের আসামি করা হয়েছে। বাদী প্রথমে এ বিষয়ে দুদক কার্যালয় যশোরে অভিযোগ দেন। কিন্তু অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তিনি আদালতে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(১) ধারায় মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে এ সংক্রান্ত্রে অভিযোগের প্রেক্ষিতে দুদক কি ব্যবস্থা গ্রহন করেছে তার প্রতিবেদন চেয়ে আগামি ২৪ মে মামলার পরবর্তি দিন ধার্য করেন।