নিজস্ব প্রতিবেদক: দুই লাখ টাকা চাঁদার দাবিতে যশোর শহরতলীর রাজারহাট মোড়ে হার্ডওয়ার ব্যবসায়ী জামাল হোসেন ফুলনের দোকানে হামলা ভাংচুর, মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ৯ জনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলো, যশোর সদর উপজেলার মুড়লি ঈমান বাড়ি রোড মোসলেম উদ্দীনের ছেলে মাহমুদ হাসান লাইফ, ধোপাপাড়া পুকুরকুল এলাকার ইব্রাহিমের ছেলে চশমা সাগর, একই এলাকার ইব্রাহিমের ছেলে উছামা, ধোপাপাড়া পুকুরকুলের আব্দুল্লাহ, একই এলাকার মুক্তি উইনুছ মুন্সীর ছেলে রুম্মান হোসেন, ফরিদের ছেলে রকি, রাজারহাট স্কুল পাড়ার জালাল উদ্দিনের ছেলে জিহাদ হোসেন, রামনগর পুকুরকুলের বকুল হোসেন ড্রাইভারের ছেলে রায়হান ও শ্রীবর্দ্দী ঘোড়াগাছা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ইস্তেহাকসহ অজ্ঞাতনামা ২/৩ জন।
মামলায় বাদী বলেছেন, তিনি হার্ডওয়ার ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে রাজারহাট মোড়ে সুনামের সাথে ব্যবসা করে আসছে। বেশ কিছুদিন যাবত মাহমুদ হাসান লাইফের হুকুমে আসামিরা ব্যবসা করতে দিবে না বলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি ও খুন জখমের হুমকি দিতে থাকে। এক পর্যায় মাহমুদ হাসান লাইফের হুকুমে আসামিরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
৫ নভেম্বর বিকেল ৫ টায় রাজারহাট মোড় শশ্মান মার্কেট রং ঘরের সামনে বাদী ও তার ছেলে অবস্থান করছিলো। চাঁদা না দেয়ার জের ধরে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। লাইফের হুকুমে চশমা সাগর ধারালো দা দিয়ে বাদীর ছেলে সিয়ামকে খুন করার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে।
উছামা সিয়ামকে বার্মিজ চাকু দিয়ে খুন করার উদ্দেশ্যে আঘাত করলে তার রানে লেগে জখম হয়। সকল আসামি বাদী ও ছেলেকে মারপিট করে জখম করে। দোকানে ঢুকে ভাংচুর করে ৫০ হাজার টাকা ক্ষতি সাধনসহ দোকানের ক্যাশ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে আদালতে মামলা করলে বিচারকের নির্দেশে সোমবার গভীর রাতে কোতোয়ালি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।