নিজস্ব প্রতিবেদক
যশোরে ইরফান ফারাজী হত্যার প্রধান পরিকল্পনাকারী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১১টার দিকে যশোর শহরের রেলগেটে এলাকা থেকে তাকে আটক করা হয়। সরকারি চাকরি দেয়ার নামে নেয়া অর্থ ফেরত চাওয়ায় ভাড়াটে খুনি দিয়ে ইরফান ফরাজীকে হত্যা করা হয়েছিলো বলে জানিয়েছে পুলিশ। আবুল কাদের যশোর শহরের রায়পুর এলাকার আব্দুল মজিদের ছেলে।
মঙ্গলবার বিকালে জেলা ডিবি ওসি রূপণ কুমার সরকারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে যশোর খড়কী এলাকায় দোকানের ভিতর ঢুকে ইরফান ফারাজীকে খুন করে পালিয়ে যায় অজ্ঞাত কয়েক যুবক। হত্যার ঘটনায় নিহতের ভাই ইমরান ফারজী কোতোয়ালি থানার একটি মামলা করেন।
গত রবিবার রাতে অভিযান চালিয়ে তাওহীদ নামে একজনকে আটক করে র্যাব। তার দেয়া তথ্য মতে ডিবি পুলিশের একটি টিম শহরের রেলগেটে এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আব্দুল কাদেরকে আটক করে। সরকারি চাকরি দেয়ার নামে নেয়া ৩ লাখ ২০ হাজার টাকা ফেরত চাওয়ায় ইরফান ফরাজীকে হত্যার পরিকল্পনা করেন তিনি।
এরপর ৫০ হাজার টাকার চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করান। পুলিশ আব্দুল কাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ও চাকরির নামে নেয়া অর্থের চুক্তিপত্র উদ্ধার করেছে।
নিহত ইরফান ফারাজী শহরের কারবালা ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলাম ফারাজীর ছেলে। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা করে চাকরিপ্রত্যাশী ছিলেন। চাকরি না পেয়ে স্থ্নাীয় ফারাজি স্টোর নামে একটি মুদি দোকানে ব্যবসা করছিলেন তিনি।
